টিপস

উপহার কিনতে

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২০:২২
প্রিয়জনের জন্য সবচেয়ে সুন্দর উপহার কী হতে পারে—এটাই তো ভাবছেন? নিউ মার্কেটে হলমার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কেয়া এসেছেন, প্রিয়জনের জন্য উপহার কিনতে। তবে তিনি কিছুতেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না কী নেবেন। পরে তাকে বিক্রেতা সুমন সাহায্য করলেন, একটি চাবির রিং আর মগ পছন্দ করতে। আপনারদের সুবিধার জন্য উপহারের কিছু ধারণা দিয়ে দিচ্ছি। আগেই ঠিক করে নিন কোন উপহারটি আপনি কিনতে চান। তাহলে ভ্যালেনটাইনস ডে-এর কেনাকাটা অনেক সহজ হয়ে যাবে। মেয়েদের জন্য :কার্ড, ফুল, মগ, সানগ্লাস, চকলেট, গয়না, ব্যাগ, হাতঘড়ি, সুগন্ধি, গয়নার বাক্স, ফুলদানি, পেইন্টিংস, ফটোফ্রেম, মোবাইল ফোন সেট, পোশাক, ডায়েরি, সিডি, বই। ছেলেদের জন্য :কার্ড, ফুল, মগ, সানগ্লাস, চকলেট, মানিব্যাগ, সুগন্ধি, চাবির রিং, শেভিং কিটস, হাতঘড়ি, বেল্ট, পোশাক, সিডি, ফটোফ্রেম, কলম, কাফলিংক সেট, টাই, ব্যাগ আর বই। এ ক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী কী ধরনের উপহার কিনতে পারেন এটাও জেনে নিন। ধরুন আপনি ৫০০ টাকার উপহার কিনবেন। এই বাজেটেও প্রিয় মানুষটির জন্য কার্ড, ফুল, পুতুল, মগ, শোপিস, ফটোফ্রেম, চকলেট আর পছন্দের গান অথবা কবিতার সিডিও হতে পারে সুন্দর উপহার। বাজেট ২০০০ টাকা হলে, পছন্দের পারফিউ, প্লেটেড গয়না অথবা ড্রেস দিতে পারেন। সঙ্গে ফুল, কার্ড, চকলেট তো থাকবেই। ২ থেকে ৫ হাজার টাকা বাজেট হলে শাড়ি অথবা ড্রেস, ঘড়ি, হীরার নাকফুল আর হ্যান্ড ব্যাগও কেনা যায়। এ ক্ষেত্রে দেশি তাঁত, জামদানি শাড়ি বেছে নিতে পারেন। বাজেট যদি আরও বেশি হয় তবে মোবাইল ফোন সেট, নেটবুক এবং হীরার আংটি উপহার দিতে পারেন। বন্ধুরা, যদি এরপরও বুঝে উঠতে না পারেন প্রিয়জনকে কী দেবেন। তাহলে আড়ং, স্মার্টেক্সের মতো বড় ব্র্যান্ডগুলোতে গিফট ভাউচার পাওয়া যায়। ১০০০ টাকা থেকে শুরু হয়, সাধ্যের মধ্যে একটা গিফট ভাউচার দিয়ে দিন। যিনি উপহার কিনছেন :উপহার পছন্দের ক্ষেত্রে যাকে উপহার দেবেন তার বয়স, রুচি, পছন্দ এবং প্রয়োজন বিবেচনা করুন। উপহার অনেক দামি হতে হবে এমন কোনো কথা নেই। প্রিয়জনের জন্য শুধুমাত্র একটি লাল গোলাপের আবেদন টাকা দিয়ে মাপা যাবে না। যিনি উপহার পাচ্ছেন :প্রতিটি উপহারের সঙ্গে অনেক ভালোবাসা, গুরুত্ব এবং আন্তরিকতা থাকে। উপহার কখনোই টাকার পরিমাপে দেখতে হয় না। আর উপহারটি পছন্দ না হলেও তা সামনে বলা ঠিক নয়, বরং মনে করে বিশেষ উপলক্ষে আপনাকে উপহার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান। বাজার ঘুরে... রাজধানী ঢাকার বড় বাজারগুলোতে একটু ঘুরলেই পেয়ে যাবেন উপহার দেওয়ার বিশেষ সামগ্রীসমূহ। নিউমার্কেটের কাঁচাবাজার, আজিজ মার্কেট, এলিফ্যান্ট রোড, হাতিরপুল মোড়, শাঁখারীবাজারের মতো পুরোনো জায়গাগুলোতে পেয়ে যাবেন উপহারের কাগজের প্যাকেট, বাঁশের ঝুড়ি। দাম পড়বে ১০ থেকে শুরু করে ৫০ টাকার মতো। আর পুতুল পাবেন চারুকলা, শিশু একাডেমী সংলগ্ন মার্কেট ইত্যাদি স্থানে। এগুলোর দাম নেবে ১০ থেকে ৮০ টাকা।