ধর্মের নামে ক্ষমতা লুটতে চায় একটি গোষ্ঠী

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২১:২২
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ধর্মের নামে জাতিকে বিভক্ত করে ক্ষমতা লুটে নিতে চাইছে একটি গোষ্ঠী। এই অপশক্তির অপতত্পরতা রুখে দিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সোমবার বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, অতিসত্বর এসব অপরাধীদের বিচার হওয়া উচিত। যারা বন্দুকের নলের খোঁচায় সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে তাদেরও চিহ্নিত করে বিচার করতে হবে। আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ১৮ দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টা হরতাল সরকারের বিরুদ্ধে নয়, এটা বিচার বিভাগ ও বিচাপতিদের বিরুদ্ধে। বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতিশ চন্দ্র রায়, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু প্রমুখ।