জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বগুড়ায় তাদের দলীয় কর্মী ইব্রাহিম হোসেনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ইব্রাহিম পুলিশের গুলিতে আহত হওয়ার পর মারা যায়।
বিবৃতিতে তিনি বলেন, গত দুই মাসে বগুড়ায় পুলিশের গুলিতে ১৮ জন নিহত হয়েছে। সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধী দল বিশেষ করে জামায়াত ও ছাত্রশিবিরের ওপর নির্যাতন চলছে। বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম, অপহরণ, বিচার বহির্ভূত ও পুলিশের হেফাজতে হত্যা, রিমান্ডে নিয়ে নির্যাতন, মানবাধিকার লংঘন, ঘুষ-দুর্নীতি ইত্যাদি অবাধে চলছে। সরকার বিরোধী দলগুলোকে লক্ষ্য করে উগ্র উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়ে একদলীয় স্বৈরশাসন পাকাপোক্ত করার ষড়যন্ত্র করছে বলে তিনি দাবি করেন।-প্রেস বিজ্ঞপ্তি
