আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বিরোধী দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল প্রত্যাখ্যান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যন্ত্রণাদায়ক হরতাল প্রত্যাখ্যান করে দোকানপাট খোলা এবং যানবাহন চালু রাখুন।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা বিভাগীয় শাখা আয়োজিত ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে বর্তমান রাজনীতি-ধ্বংসাত্মক কার্যকলাপ পরিহার’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রবীণ রাজনীতিক আব্দুল হামিদ এডভোকেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ায় ১৪ দলের পক্ষে মোহাম্মদ নাসিম তাকে অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের মধ্যে যোগ্য একজন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। অত্যন্ত দক্ষ এই রাজনীতিক বঙ্গবন্ধুর আদর্শের প্রতি সব সময় নিষ্ঠাবান। স্পিকারের দায়িত্ব পালনকালে ইতিমধ্যে তিনি সকলের কাছে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। রাষ্ট্রপতির দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করতে পারবেন বলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম আশাবাদ ব্যক্ত করেন।
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, যদি দায়িত্বশীল নেত্রী হয়ে থাকেন তাহলে দেশ ও জাতির স্বার্থে যন্ত্রণাদায়ক হরতাল পরিহার করুন। সংগঠনের আহ্বায়ক মো. ফেরদৌস খান আলমগীরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর প্রমুখ।
