গতকাল সোমবার তিতাস উপজেলার শাহপুর গ্রামে এক সংঘর্ষে এই গ্রামের নজির আহম্মেদ-এর পুত্র দেলু (৪০) গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং কমপক্ষে ১৫জন আহত হয়। স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার রাতে শাহপুর গ্রামের ফারুক চেয়ারম্যান গ্রুপ ও তার চাচাতো ভাই শান্তি গ্রুপ-এর মধ্যে রাতভর গোলাগুলি চললে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে দেলুকে (৪০) গৌরীপুর হাসপাতালে নেয়া হলে সে সেখানে মারা যায়। সংঘর্ষকালে বেশকিছু ঘরবাড়িও ভাংচুর এবং লুটপাট হয়। গত ২ বছর যাবত্ এই দুটি গ্রুপের মধ্যে কয়েকদিন পরপরই সংঘর্ষ চলে আসছিল বিধায় এই গ্রামের সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন বলেন, খুনের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশি টহল চলছে।
