রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক রইসউদ্দিন জানা, রায়পুরের দীঘিরপাড় এলাকায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হেলপার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার পাগলাবাজার চিতাশাল গ্রামের রমজান আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩২) মারা যায় এবং চালক আহত হয়। অপরদিকে দাউদকান্দির সিঙ্গুলা রায়পুর এলাকায় হোমনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলে বাসের হেলপার কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সাতগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র মোঃ সোহেল (২৫) ও বাসযাত্রী একই গ্রামের আঃ মালেকের স্ত্রী জুলেখা বেগম (৫২) মারা যায় এবং ৭ জন আহত হয়।
নাগরপুরে ভ্যান চালকের মৃত্যু
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইল-নাগরপুর আরিচা সড়কে গত রবিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চা্লকের মৃত্যু হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সহবতপুর পালপাড়া গ্রামের গৌর চান পালের পুত্র প্রদীপ পাল (২০) নাগরপুর থেকে বাড়ি ফেরার পথে নাগরপুর-টাঙ্গাইল আরিচা রাস্তার ডাঙ্গা ধলাপাড়া সরকার ফিলিং স্টেশন নামকস্থানে পৌঁছালে টাঙ্গাইল থেকে নাগরপুর আসা দ্রুতগামী বাস (ঢাকা-জ-১৪০১৭৮) ভ্যান চালককে ধাক্কা দেয়।
রায়পুরে বৃদ্ধাসহ নিহত ২
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রায়পুর-সোনাপুরে রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী পিকআপের ধাক্কায় সোনাপুর গ্রামের মোঃ রুহুল আমিনের স্ত্রী মাহফুজা বেগম (৫৮) মারা যায়। এর আগে শনিবার উপজেলার সিংহের পুলে যাত্রীবাহী আনন্দ বাসের ধাক্কায় ট্রলি উল্টে গিয়ে আল আমিন (২৬) নামের চালক মারা যায়। সে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরবড়ালি গ্রামের মো. মাসুদের ছেলে।
