দীর্ঘ ৫ বছর পর আকাশ পথে আবারো যুক্ত হচ্ছে বরিশাল। আগামী ২৫ এপ্রিল বেলা সাড়ে ১১টায় বরিশাল বিমানবন্দরে ফ্লাইট সার্ভিসের উদ্বোধন করবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান। ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ক্যাপ্টেন তাজবিরুল আহমেদ চৌধুরী জানান, সপ্তাহে দু’দিন ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল বিমানবন্দরে তাদের ফ্লাইট যাত্রী পরিবহন করবে।
বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী জানান, ফ্লাইটের যাত্রী সেবা নিশ্চিত করতে বিমানবন্দরের অভ্যন্তরে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইউনাইটেড এয়ারওয়েজের রিজার্ভেশন ম্যানেজার মো. মাসুদ জানান, প্রতি বৃহস্পতি ও রবিবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ইউনাইটেড এয়ারের ফ্লাইট আসা-যাওয়া করবে। ঢাকা-বরিশাল রুটে সর্বনিম্ন স্পেশাল ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা ( ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত)। ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খুরশীদ আলম চৌধুরী জানান, যাত্রী চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে সপ্তাহে প্রতিদিন ঢাকা-বরিশাল রুটে ইউনাইটেড এয়ারের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে কোম্পানির। বরিশাল বিমানবন্দর গত ৫ বছরে গোচারণ ভূমিতে পরিণত হয়েছিলো। ১৯৯২-৯৩ অর্থবছরে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নগরীর রহমতপুর এলাকায় ১শ’ ফুট প্রশস্ত ও ৬ হাজার ফুট দীর্ঘ বরিশাল বিমানবন্দর নির্মাণ করা হয়। ১৯৯৫ সালের ৩ ডিসেম্বর ঢাকা-বরিশাল আকাশ পথে জাতীয় পতাকাবাহী বিমান চলার মাধ্যমে এ বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়। ২০০৬ সালের শেষের দিকে লোকসানের অজুহাত দেখিয়ে বন্ধ করে দেয়া হয় বাংলাদেশ বিমান চলাচল। মাঝে এয়ার পারাবাত ও জিএমজি এয়ারলাইনস ঢাকা-বরিশাল রুটে চলাচল করলেও তাও লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর চালু হয় ৩৭ সিটের ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইট। তাও লোকসানের অজুহাতে ২০০৯ সালের ৫ মে বন্ধ করে দেয়া হয়। সেই থেকে কোন উড়োজাহাজ বরিশাল বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করেনি।
এদিকে বেসরকারি বিমানের সার্ভিস চালুকে স্বাগত জানিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন খুব শিগগির ঢাকা-বরিশাল রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আবার ডানা মিলবে। তিনি জানান, গত ২৪ মার্চ সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে ঢাকা-বরিশাল আকাশ পথে বাংলাদেশ বিমানের দু’টি ফ্লাইট চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। মে মাস থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর কথা জানালেও দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি বলে প্রতিমন্ত্রী জানান।
