হরতালের আগেই আগুন, ভাংচুর

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২২:৫৬
১৮ দলীয় জোট আহূত মঙ্গল ও বুধবারের হরতালকে সামনে রেখে গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, বিক্ষিপ্ত মিছিল, ককটেল বিস্ফোরণ ও পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নয়াপল্টনে ছাত্রদলের একটি ঝটিকা মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এতে করে রাজধানীজুড়ে হরতালে নাশকতার আতংক সৃষ্টি হয়। গতকাল গভীর রাত পর্যন্ত রাজধানীর তোপখানা, কাওরান বাজার, গাবতলী, ধানমন্ডি, বনানী, আরামবাগ, তেজগাঁও এলাকায় ১৬টি যানবাহনে আগুন দেয়াসহ সহিংসতার ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে রাতে নিউমার্কেট থানা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর পাটোয়ারীকে আটক করেছে নিউমার্কেট থানা পুলিশ। রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, নাশকতা ও হরতালে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, জাহাঙ্গীর পাটোয়ারী ১৩টি মামলায় সাড়ে তিন মাস কারাভোগের পর কয়েকদিন আগে জামিনে ছাড়া পান। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতাকর্মীর মুক্তি ও তাদের নামে দেয়া মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, হত্যা, গুম বন্ধ ও সব ক্ষেত্রে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোটের আহূত ২ দিনের হরতাল শুরু হচ্ছে আজ মঙ্গলবার। গতকাল সোমবার সচিবালয় সংলগ্ন রাজধানীর ব্যস্ততম সড়ক তোপখানায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে চারটার দিকে তোপখানা রোডে যাত্রীবেশী দুর্বৃত্তরা ট্রান্স সিলভা পরিবহনের ওই বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে নেমে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের (সদর দপ্তর) দু’টি ইউনিট এসে আগুন নেভায়। এ ঘটনায় কেউ আহত হয়নি বা কাউকে আটক করতে পারেনি পুলিশ। অপরদিকে রাজধানীর কাওরান বাজার এলাকায় গতকাল বিকালে একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এক যুবক এসে আগুন দেয়। বিকাল চারটার দিকে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে একটি আট নম্বর বাসে (ঢাকা মেট্রো-জ-১১-১৫২৭) আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের মিরপুর ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা সোয়া চারটায় পর্বত সিনেমা হলের সামনে দিয়ে বাসটি ঘোরানোর সময় কয়েকজন যুবক এসে এতে আগুন ধরিয়ে দিয়ে সরে পড়ে। এ সময় বাসটিতে কোনো যাত্রী ছিলো না। আগুন লাগানোর ঘটনায় কেউ আহত হননি বলে জানা গেছে। দুপুর একটার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে একটি পার্কিং করা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ফ- ১২-০৪৯৯) আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া দুপুর ১টা ৪০ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরেই একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। দুপুর পৌনে ১টার দিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ পোস্ট অফিস গলি থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল একটি মিছিল নিয়ে বনানী সুপার মার্কেট যায়। এসময় তারা একটি প্রাইভেটকারে আগুন দেয় ও চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল থেকে সরে যায়। এ ব্যাপারে বনানী থানার ওসি ভুঁইয়া মাহবুব হাসান জানান, মিছিলের লোকজন আগুন লাগানোর চেষ্টা করছিলো। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। আরামবাগ নটরডেম কলেজ সংলগ্ন এলাকায় বেলা ২টার দিকে তিতাস গ্যাসের একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। এদিকে দুপুরে হরতালের সমর্থনে রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের একটি ঝটিকা মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে জোনাকি সিনেমা হলের পাশের গলি থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি মূল সড়কে পৌঁছলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া বলেন, হরতালের সমর্থনে আমাদের মিছিলে পুলিশ বাধা দিয়েছে, গুলি করেছে। এদিকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিজয়নগরে একটি বেসরকারি টিভি চ্যানেলের গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে জুরাইন রেলক্রসিংয়ে একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশান-১ নম্বরে একটি যাত্রীবাহী গাড়িতে আগুন দেয়া হয়। একই সময়ে মহাখালীর সেতু ভবনের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয় সরণিতে সিএনজিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সন্দেহজনক একজনকে আটক করে। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বিজয় সরণি থেকে একজনকে আটক করার কথা নিশ্চিত করেছেন। এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বন্দর সড়কের কাওলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় কয়েক যুবক। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ কাউকে আটক করতে পারেনি। এর আগে বিকাল সোয়া ৫টার দিকে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের উত্সব পরিবহনের একটি যাত্রীবাহী গাড়িতে আগুন দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। বেলা আড়াইটার দিকে কাওরানবাজার এলাকায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের একটি চলন্ত মিনিবাস থামিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে যাত্রী ছিল। তবে বাসের পেছনে আগুন দেয়ায় বিষয়টি বুঝতে পেরে দ্রুত সবাই নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বেলা পৌনে ২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে পিকেটাররা একটি লেগুনায় আগুন দেয়। মোহাম্মদপুরে দুপুর সাড়ে ১২টার দিকে আসাদ গেট সংলগ্ন মোহাম্মদপুর প্রি-পাইরেটরি স্কুলের সামনে ৩/৪ যুবক মিডওয়ে পরিবহনের একটি বাসে উঠে আগুন দেয়। পরে স্থানীয় লোকজন ও বাস কর্মচারীরা ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলে। বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি-২ নম্বর এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেয় কয়েক যুবক। ধানমন্ডি থানার এএসআই নজরুল ইসলাম জানান, হরতাল সমর্থনকারী কয়েকজন মিলে পার্কিং করা প্রাইভেটকারে আগুন দিলে লোকজন দ্রুত তা নিভিয়ে ফেলে।