সাতদিন পর অবশেষে অনশন ভাঙলেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী অনশন ভাঙার অনুরোধ জানিয়ে তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তার অনুরোধেই সোমবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে মা মাহমুদা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) পানি পান করিয়ে মাহমুদুর রহমানের অনশন ভাঙান।
হেফাজতে ইসলামের আমির চিঠি পাঠিয়েছেন গতকাল দুপুরে। এরপর বিকেলে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নেন। এর আগে মায়ের ও স্ত্রী ফিরোজা আক্তারের অনুরোধেও অনশন ভাঙেননি মাহমুদুর রহমান।
মাহমুদুর রহমানের শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় সরকার তার চিকিত্সার জন্য নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে।
আল্লামা শাহ আহমদ শফীর চিঠি
সোমবার জাতীয় প্রেসক্লাবে মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকাটির প্রেস খুলে দেয়ার দাবিতে অনুষ্ঠিত মহাসমাবেশে এ চিঠি পাঠ করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
চিঠিতে মাহমুদুর রহমানকে উদ্দেশ করে আল্লামা শফী বলেন, ‘সরকার আপনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। আপনার পত্রিকা অফিস বন্ধ করে দিয়েছে। তিনটি দাবিতে আপনি যে অনশন শুরু করেছেন এটা অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে। আপনি নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করেছেন। এখন আপনি জেলে থেকে এই সরকারের অন্যায়ের প্রতিবাদ করছেন। এজন্য আল্লাহ অবশ্যই আপনাকে পুরস্কৃত করবেন।’
মাহমুদুর রহমানকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আল্লামা শফী বলেন, দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে দৈনিক আমার দেশের বিরোধ চলে এলেও আমরা মনে করি সমপ্রতি নাস্তিক ব্লগারদের মুখোশ উন্মোচন করায় মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
