কিশোরগঞ্জের কৃতী সন্তান অ্যাডভোকেট মো. আবদুল হামিদ দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে আনন্দ মিছিল হয়েছে। গতকাল সোমবার বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের উদ্যোগে এই মিছিল বের হয়। সংসদের কার্যালয় থেকে শুরু করে আনন্দ মিছিলটি শহর প্রদক্ষিণ করে। মিছিলকারীরা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করে। পরে কালী বাড়ি মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, নজরুল ইসলাম জুয়েল, আবদুল আওয়াল, ভূপাল নন্দী প্রমুখ। এদিকে জেলা ছাত্রলীগের উদ্যোগেও শহরে এক বিশাল আনন্দ মিছিল বের হয়।
