আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া টানা ৩৬ ঘণ্টার হরতালে মাঠে থাকার প্রস্তুতি নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতালের সমর্থনে মিছিল-সমাবেশে বাধা দেয়া হলে কিংবা প্রশাসন অসহিষ্ণু মনোভাব দেখালে হরতালের সময়সীমা বেড়ে তা গড়াতে পারে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এমনকি পরবর্তীতে টানা ৭২ ঘণ্টার হরতালের কর্মসূচিও দেয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ দলীয় ও জোটের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, এবার সবাইকে পাড়া-মহল্লায় অবস্থান নিয়ে সর্বাত্মক হরতাল পালন করতে হবে। শক্ত হরতাল করতে হবে। এমন হরতাল করতে হবে যাতে সরকারের ভিত নড়ে যায়। আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবে সবুজবাগ থানা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।
সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিলে হামলার ঘটনাকে ‘গণপ্রতিরোধ’ অভিহিত করে এতে যুক্তদের ধন্যবাদ জানান হান্নান শাহ।
অন্যদিকে, বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদকি সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার যেভাবে বিনা উস্কানিতে বিরোধী দলের মিছিল-সমাবেশে বাধা দিচ্ছে, গুলি করছে, দলীয় কার্যালয়ে ঢুকতে দিচ্ছে না, তাতে মনে হচ্ছে সরকার ক্রমেই অসহিষ্ণু হয়ে পড়ছে। সরকারের সহিষ্ণুতা ফিরিয়ে আনতে ৩৬ ঘণ্টার হরতালের পাশাপাশি হরতালের সময়সীমা বাড়বে এমনকি ৭২ ঘণ্টার হরতালের ঘোষণাও আসতে পারে।
দুদু বলেন, বর্তমান ক্ষমতাসীন দল যখন বিরোধী দলে ছিল তখন ১৭৩ দিন হরতাল দিয়েছিল। তিনি অভিযোগ করেন, গতকাল নয়াপল্টনে ছাত্রদলের মিছিলে পুলিশের গুলিতে ছাত্রদল সহ-সভাপতি অভিসহ তিনজন গুলিবিদ্ধ হন। কুমিল্লার তিতাস থানায় ‘আওয়ামী সন্ত্রাসী’দের হামলায় দেলোয়ার হোসেন নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশেই বিরোধী দলের মিছিলে পুলিশ গুলি করছে, নেতা-কর্মীদের নির্বিচারে আটক করছে।
দুদু আরও বলেন, বাংলাদেশে নির্বাচন হবে এবং সে নির্বাচন হবে তত্ত্বাবধায়কের অধনেই। এর বাইরে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
এদিকে, আটক নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ে মহিলা দল আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আগে সরকারকে মামলা-গ্রেপ্তারের পথ পরিহার করতে হবে। এছাড়া গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আটক নেতাদের মুক্তির দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
