রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ওয়াই-ফাইসংযুক্ত অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজান উদ্দিন রবীন্দ্র ভবনের ৪০১ নং কক্ষে ৪০টি কম্পিউটারসমৃদ্ধ এই ল্যাব উদ্বোধন করেন। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় হেকেপ প্রকল্পের অধীনে ‘ক্যাপাসিটি বিল্ডিং টু এনহ্যান্স কোয়ালিটি অব টিচিং অ্যান্ড লার্নিং থ্রো টেকনোলজি ইন্টিগ্রেশন’ শীর্ষক সাব প্রকল্পের সহায়তায় এ ল্যাবটি তৈরি করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান সজল, ব্যবসায় অনুষদের অধিকর্তা ড. আমজাদ হোসেন, বিভাগীয় সভাপতি ড. রবিউল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এই ল্যাব বিভাগের লেখাপড়ার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ।
