হোমনায় দাড়িগাঁও গ্রামের রাজা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী ধর্ষক সুমনকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা সদর বাসস্ট্যান্ড সড়কে এ মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান রেহানা মজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক আবদুস সালাম ভুঁইয়া প্রমুখ।
এদিকে ধর্ষণের শিকার মাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রীর নিরাপত্তা নিয়ে কোনো দুশ্চিন্তা না করা এবং ধর্ষককে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ সৌদি থেকে তার ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে এ আশ্বাস দেন। এদিকে ইউএনও আজগর আলী, হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ফজলে রাব্বী ও ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার ওই ছাত্রীর বাড়ি গিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। গত শুক্রবার এলাকার চিহ্নিত সন্ত্রাসী সুমন সরকার (২৯) ধর্ষণ করে মেয়েটিকে। শনিবার রাতে মেয়েটির বাবা সুমনের বিরুদ্ধে মামলা করেন। সুমনের বিরুদ্ধে হোমনা থানায় একটি গণধর্ষণ ও তিনটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তিনি জামিনে বের হয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
