তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধের সুপারিশ করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০১৩ সংসদে উপস্থাপন করা হয়েছে। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম রিপোর্টটি উত্থাপন করেন। স্থায়ী কমিটি-পাবলিক প্লেসে প্রকাশ্য ধূমপানের শাস্তি ৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার সুপারিশ করেছে।
গত ৩ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক বিলটি সংসদে উত্থাপন করেন। এরপর এটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠান হয়। স্থায়ী কমিটির বৈঠকে দুই দফায় রিপোর্টটিতে সংশোধন আনা হয়।
সংশোধিত বিলে পাবলিক প্লেসের সংজ্ঞায় বেসরকারি অফিস অন্তর্ভুক্তক্ত করা হয়েছে। ২০০৫ এর আইনে বেসরকারি অফিস অন্তর্ভুক্ত ছিল না। পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি ৫০ টাকা। বর্তমান আইনে সেটা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। আরও বলা হয়েছে, একই ব্যক্তি দ্বিতীয়বার বা বারবার একই অপরাধ করলে পর্যায়ক্রমিকভাবে দ্বিগুণ হারে অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী বা ব্যবস্থাপক আইন লংঘন করলে তাকে অনধিক ৫০০ টাকা জরিমানা গুনতে হবে।
বিলে গুল, জর্দা, কৈনী সাদাপাতাসহ চোষণ ও চিবানোর মাধ্যমে গ্রহণ করা তামাকজাত দ্রব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবধরনের গণমাধ্যমে তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন সংক্রান্ত প্রচারণা ও পৃষ্ঠপোষকতা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে যে কোন উপায়ে বিজ্ঞাপন প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। ২০০৫ সালের আইনে তামাকজাত দ্রব্য বিক্রেতাকে এই বিধানের আওতার বাইরে রাখা হয়েছিল।
এ বিধান লঙ্ঘন করলে অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের শাস্তি রাখা হয়েছে। ২০০৫ সালের আইনে কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা অর্থদণ্ডের বিধান ছিল। আইনে অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
বিলে বলা হয়েছে, কোন ব্যক্তি আঠারো বছর বয়সের নিচে কারও কাছে তামাক বা তামাকজাত দ্রব্য বিক্রি করেতে পারবে না বা বিক্রি অথবা বিতরণ কাজে নিয়োজিত করতে পারবে না। বিধান লঙ্ঘনকারীর বিরুদ্ধে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইনে, জনস্বাস্থ্যের উপর প্রভাব ও ঝুঁকি সম্পর্কে একটি ভ্রান্তধারণা তৈরির উদ্দেশ্যে তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন, কৌটা বা মোড়কে ব্র্যান্ড এলিমেন্ট যথা লাইট, মাইন্ড, লো-টার, এক্সট্রা, এক্সট্রা আল্ট্রা বা অনুরূপ শব্দ ব্যবহার করা যাবে না। এছাড়া তামাকজাত দ্রব্যের প্যাকেটে ছবিযুক্ত স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণের বিধান করা হয়েছে। এ আইন লংঘন করলে ২ লাখ টাকা জরিমানা এবং ৬ মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর ৫৭ হাজার মানুষ তামাক ব্যবহারজনিত রোগে মারা যাচ্ছে, তিন লাখ ৮২ হাজার জন কমক্ষমতা হারাচ্ছে। ধূমপান জনিত প্রধান আটটি রোগের চিকিত্সা বাবদ বছরে পাঁচ হাজার কোটি টাকা খরচ হচ্ছে।
