ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেন বিশিষ্ট ২য় কাঁচপুর, মেঘনা ও গোমতি সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ প্রকল্পের আওতায় একই সাথে তিনটি পুরাতন সেতুর সংস্কার ও পুনর্বাসন কাজও চলবে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে মঙ্গলবার প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। নতুন ৩টি সেতু নির্মাণ ও পুরাতন সেতুর পুনর্বাসন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে আট হাজার ৪২৯ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ছয় হাজার ৪২৯ কোটি টাকা ঋণ প্রদান করবে। অর্থায়নের বিষয়ে জাইকার সাথে ইতিমধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্প ব্যয়ের বাকি দুই হাজার ৫৮ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে।
সভায় গার্মেন্টস শিল্পে কর্মরত নারী কর্মীদের আবাসনের জন্য হোস্টেল নির্মাণের লক্ষ্যে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। প্রকল্পের আওতায় সাভারের বড় আশুলিয়ায় ১২ তলা হোস্টেল ভবন নির্মাণ করা হবে। এতে প্রায় ৯শ’ জনের আবাসন সুবিধা থাকবে। প্রকল্পটির ব্যয় প্রায় ২৭ কোটি টাকা। এরমধ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহায়ণ তহবিলের ঋণ প্রায় ২৫ কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সভায় মোট ৬টি প্রকল্প অনুমোদন করা হয়। এতে ১১ হাজার ৫৪১ কোটি টাকা ব্যয় হবে। ব্যয়ের মধ্যে ৩ হাজার ২৪৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং অবশিষ্ট ৮ হাজার ২৯৭ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে। তিনি জানান, জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। প্রকল্পের অধীনে ৭০ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ, ৫টি ফ্লাইওভার, ২৭টি ছোট-বড় সেতু ও ৬০টি আরসিসি কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া ১৬ হাজার বর্গমিটার আয়তনের সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান কার্যালয় ভবনও এ প্রকল্পের আওতায় নির্মিত হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৭৮৮ কোটি টাকা। এর মধ্যে এক হাজার ৮৪৪ কোটি টাকা এডিবি, ওপেক ফান্ড ও আবুধাবি ফান্ড থেকে পাওয়া যাবে।
এছাড়া সভায় অনুমোদিত অন্যান্য প্রকল্প হল, ৭৪ কোটি টাকা ব্যয়ে ‘কোর্ট হতে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত প্রশস্তকরণ’ প্রকল্প, ১৩৭ কোটি টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর জলাবদ্ধতা দূরীকরণার্থে নর্দমা নির্মাণ (৩য় পর্যায়) প্রকল্প এবং ২৮ কোটি টাকা ব্যয়ে বিএসটিআই আধুনিকায়নের (প্রথম সংশোধিত) প্রকল্প রয়েছে।
পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরসহ একনেক-এর সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, মন্ত্রণালয়ের সচিববৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
