রাতে পণ্যবাহী গাড়ি হরতালের আওতামুক্ত রাখার আহবান

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:০৯
দেশের অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখতে রাতে পণ্য পরিবহন গাড়ি হরতাল মুক্ত রাখার আহবান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক রুস্তম আলী খান মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ আহবান জানান। বিবৃতিতে বলা হয়েছে, বিএনপি ও জামায়াতসহ ১৮ দলীয় জোট একের পর এক টানা হরতাল দেয়ায় দেশের পরিবহন ব্যবসায় মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমদানি-রফতানি পণ্য পরিবহনের সীমাহীন ব্যাঘাত ঘটছে। সাথে সাথে পণ্য পরিবহন ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন সেবামূলক উত্পাদিত পণ্য বিশেষ করে কৃষি ও বিদ্যুত্খাতে উন্নয়নের মালামাল পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। অন্যদিকে গার্মেন্টস মালিকরা শত শত কোটি টাকার পণ্য নির্দিষ্ট সময়ে উত্পাদন করেও শিপমেন্ট করতে পরছেন না। এতে কোটি কোটি টাকার রফতানি পণ্যের অর্ডার বাতিল হচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকলে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছবে। তাই রাজনীতিবিদদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা সচল রাখতে কমপক্ষে রাতের বেলায় পণ্য পরিবহন গাড়ী হরতালমুক্ত রাখার জন্য নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।