বঙ্গবন্ধু সেতু দিয়ে অতিরিক্ত পণ্যবোঝাই যান চলাচল বন্ধে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:১০
বঙ্গবন্ধু সেতুর দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে সেতু দিয়ে ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাই যান চলাচল অবিলম্বে বন্ধেরও নির্দেশ দেয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী, টাঙ্গাইল, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আদেশে জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের কম্পিউটারভিত্তিক প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া সেতু অতিক্রমের পূর্বে পার্কিং এলাকায় অবস্থানের জন্য কোন যুক্তিতে যানবাহনের চালকদের কাছ থেকে ফি আদায় করা হচ্ছে, তা ব্যাখ্যা দিতে টোল আদায়কারী প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ ও ইউনাইটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে নির্দেশ দিয়েছে আদালত।