চিনিযুক্ত ড্রিংকস থেকে বিপদ

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:১১
শুধুমাত্র সুগারি ড্রিংক বা চিনিযুক্ত কোমল পানীয় পানজনিত কারণে বছরে অন্তত ১ লাখ ৮০ হাজার লোকের মৃত্যু হয়। তন্মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা যায় ২৫ হাজার লোক। আর চিনিযুক্ত কোমল পানীয় পানে মৃত্যুর কারণ উল্লেখ করতে গিয়ে বিশেষজ্ঞগণ বলেছেন, অধিক চিনিযুক্ত কোমল পানীয় যেমন সোডা, কোকাকোলা ও অন্যান্য চিনিযুক্ত বেভারেজ পান থেকে টাইপ-টু ডায়াবেটিস হয় এবং ডায়াবেটিস ও অন্যান্য জটিলতা থেকেই বিশ্বে এত বিপুল সংখ্যক লোকের মৃত্যু হয়। বিশেষজ্ঞগণ গবেষণায় দেখেছেন চিনিযুক্ত কোমল পানীয়জনিত স্বাস্থ্য সমস্যায় সবচেয়ে বেশি লোক মারা যায় মেক্সিকোতে (প্রতি মিলিয়নে ৩১৮ জন) এবং সবচেয়ে কম লোকের মৃত্যু হয় জাপানে (প্রতি মিলিয়নে ১০ জন)। চিনিযুক্ত বেভারেজ থেকে শুধু ডায়াবেটিস হয় তাই নয়, হার্ট ডিজিজ ও ক্যান্সারের মত সমস্যাও হতে পারে। এ ব্যাপারে ইয়েল ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের প্রিভেনশন রিসার্স সেন্টারের পরিচালক ড. ডেভিড কাটস মনে করেন শুধু সুগারি ড্রিংক থেকে বিরত থাকা বা কম পান করলে হবে না। অন্যান্য জাংক ফুডও কম আহার করতে হবে। তা নাহলে স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়বে। তবে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, দৈনিক ২০০০ কিলোক্যালরি খাদ্যশক্তি প্রয়োজন এমন লোকদের সপ্তাহে সর্বোচ্চ ৪৫০ ক্যালরির বেশি চিনিযুক্ত কোমল পানীয় বা সুগারি ড্রিংক পান উচিত নয়।