জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ মে দিন ধার্য করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার মুজাহিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে আসামিপক্ষের জেরা শেষে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষ সাফাই সাক্ষ্য না দিলে রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করবে। এজন্য রাষ্ট্রপক্ষকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। ইতিপূর্বে মুজাহিদের পক্ষে সাক্ষ্য দেয়ার জন্য তিনজন ডিফেন্স সাক্ষী সীমিত করে দেয়া হয়েছে। এছাড়া আগামী ২৮ এপ্রিল মুজাহিদের দুই জন আইনজীবী মামলা বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতে পারবেন। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে পঞ্চম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মিজানুর রহমান।
