কানাডার পুলিশ বলছে তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার সমর্থিত যাত্রীবাহী ট্রেনে এক বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাত্ করে দিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
চিহেব এসেঘায়ের ও রায়েদ জাসের নামে ঐ দুই বিদেশীর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। ধারণা করা হচ্ছে গত বছরের আগস্ট থেকে তাদের নজরবন্দী করে রাখা হয় এবং পুলিশ বলছে ঐ দুই ব্যক্তি কানাডার সবচেয়ে বড় শহর টরোন্টোর কাছে এক ট্রেন লাইনচ্যুত করার পরিকল্পনা করছিল।
এক সংবাদ সম্মেলনে কানাডার পুলিশ কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন হিসেবে গ্রেফতারকৃত চিহেব এসেঘায়ের বয়স ৩০ এবং রায়েদ জাসের বয়স ৩৫। তারা টরোন্টোর কাছে কোন এক জায়গায় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত করতে চেয়েছিল কিন্তু ঠিক কোথায় তা জানা যায়নি এখনো।
