রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে সরকার দুদককে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে ৫০০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক মো. শফিউল্লাহ তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুল সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে অবৈধভাবে উপার্জনের অভিযোগের কোন ভিত্তি নেই। রাজনৈতিকভাবে হয়রানি করতেই সরকার দুদককে ব্যবহার করছে।
