ঢাকার মানিকনগরে বিশেষ করে পূর্ব মানিকনগরে ৪০ হাজার লোকের বসবাস। গত ২ মাস ধরে পানি দুষ্প্রাপ্যতা হয়ে পড়েছে। তিনটি মডস্ জোন থেকে গভীর নলকূপের সাহায্যে উত্তোলিত পানি এলাকাবাসীর চাহিদা পূরণ করতে পারে না। সংকট উত্তরণের জন্য স্থাপিত পাইপগুলোর সংস্কার এবং নতুন পাইপ সংযোজন করে রেগুলেটর চাবি প্রতিস্থাপন প্রয়োজন। সেই সঙ্গে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলে এবং পানি ব্যবস্থাপনা নিয়মিত মনিটরিং করলে সরবরাহ বৃদ্ধি পেতে পারে। পানির অভাবে পরিবেশ দূষিত হচ্ছে। রান্না-বান্না, গোসল ও অন্যান্য কাজে পর্যাপ্ত পানির প্রয়োজনীয়তা বেশি। স্থাপিত পাইপগুলোও সমান্তরাল নয়। দেন-দরবার করলে কর্তৃপক্ষ জনগণের টাকা দিয়ে আরও একটি পানির জোন স্থাপনের পরামর্শ দিয়েছেন। ট্যাক্স দেয়া সত্ত্বেও জনগণ কেন এই বোঝা বইবে তা বোধগম্য নয়। কর্তৃপক্ষ কর্তৃক এই ধরনের পরামর্শ নৈতিকতাবিরোধী। সরকার থাকতে এই বোঝা এলাকাবাসী কেন বহন করবে তা বিবেচ্য বিষয়।
এম এস খুরশীদ আহমেদ, ৭৭/৩-এ, পূর্ব মানিকনগর, ঢাকা ১২০৩
