খাদ্যে ভেজালকারীরা খুনি, ফাঁসি চাই ----------র্যাব মহাপরিচালক

আপডেট : ০৮ মে ২০১৯, ০০:৩৩

খাদ্যে যারা ভেজাল মেশায় তাদেরকে ‘খুনি’ আখ্যা দিলেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, এদের ফাঁসি দিতে হবে। এ জন্য তিনি আইনের সংস্কারও চেয়েছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে রমজান উপলক্ষে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

র্যাব মহাপরিচালক বেনজীর বলেন, কিছু অসত্ ব্যবসায়ীর জন্য বাজারে মূল্য বাড়ছে। এই অংশকে আমরা সার্জারি করে আলাদা করে দেব। দরকার নেই এই অংশের। যারা ভেজাল করে তারা খুনি। খুন করলে ফাঁসি হয়। যে খাদ্যে ভেজাল মেশায় তারও ফাঁসি হতে হবে। এই অপরাধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইন সংশোধনেরও দাবি জানান বেনজীর। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের দৃষ্টি আকর্ষণ করেন। মাত্রাতিরিক্ত মুনাফা করার প্রবণতা ছাড়তে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, রমজান আসলে পণ্যের দাম বাড়বে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এখন থেকে রমজান আসলে পণ্য মূল্য কমবে। সেটা এক টাকা হলেও কমবে। বর্তমান সরকার ব্যবসাবান্ধব। এই সরকারের আমলে যদি বাজার নিয়ন্ত্রণ না হয় তাহলে কবে হবে?