গত মঙ্গলবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একদল দুর্বৃত্ত ফিল্মি কায়দায় এক ব্যবসায়ীর গাড়ি আটকে ৬ লাখ টাকা ও গলার চেইন ছিনতাই করেছে।
জানা গেছে, আমিনবাজার এলাকার ব্যবসায়ী জামিল আহমেদ দুপুরে ইসলামী ব্যাংক আমিনবাজার শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলন করে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে নিজ প্রাইভেটকারযোগে যাচ্ছিলেন। একটি মোটরসাইকেলযোগে আমিনবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জিয়া, শফিক ও কেরামত সালেহপুর ব্রিজ থেকে তার গাড়ির পিছু নেয়। তুরাগ এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেল থেকে একটি লাঠি দিয়ে প্রাইভেটকারের সামনের গ্লাসে আঘাত করলে গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। এসময় ব্যবসায়ী গাড়ি থামালে কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলযোগে আসা সন্ত্রাসীরা তাকে পিস্তল ঠেকিয়ে গাড়ি থেকে ব্যাংক থেকে তোলা ৫ লাখ টাকাসহ মোট ৬ লাখ নগদ টাকা ও গলার চেইন ছিনিয়ে নিয়ে গুলিবর্ষণ করতে করতে পালিয়ে যায়। এ ব্যাপারে জামিল আহমেদ সাভার থানায় মামলা করেছেন।
