নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য নাসিম ওসমান প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জবাসীকে আধুনিক কমিউটার ট্রেন উপহার দিয়েছেন। বর্তমান সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর। সরকার যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন করছে। কমিউটার ট্রেন এসেছে, অচিরেই নারায়ণগঞ্জে ডাবল রেললাইন হবে। ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডিইএমইউ) নামক আধুনিক কমিউটার ট্রেন উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে অপেক্ষমাণ মহাজোট নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি একথা বলেন।
বুধবার দুপুর সোয়া ২টায় আধুনিক কমিউটার ট্রেনটি নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় ট্রেনটিতে চড়ে নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে পৌঁছান এমপি নাসিম ওসমান, কেন্দ্রীয় শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সরদার শাহাদাত্ আলী প্রমুখ। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান অপেক্ষমাণ মহাজোট নেতাকর্মীরা।
