টেকনাফ সীমান্তে গত বুধবার প্রায় সাড়ে তিন লাখ টাকার ওষুধ ও নৌকাসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি রোহিঙ্গা সম্প্রদায়ের লোক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে— বুধবার ভোররাতে টেকনাফ বিওপি বিজিবি’র হাবিলদার জসীমের নেতৃত্বে অভিযান চালিয়ে নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ দিয়ে মিয়ানমারে পাচারকালে দেশে প্রস্তুত ২ হাজার ৮৮০ পাতা এরিস্টফল, ১ হাজার ২শ’ পাতা ইনটেক ওয়াইডি, ৮হাজার ৩শ’ বেন্টুলিন এবং ১০ হাজার ৫৩০ পাতা সুখী বড়িসহ মিয়ানমারের মংডু সুদাপাড়ার মো. মোক্তার আহাম্মদকে আটক করা হয়। এ সময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে—আটক ওষুধ ও নৌকার মূল্য তিন লাখ ৩১ হাজার ৫৮৬ টাকা। ৪২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো. জাহিদ হাসান জানান—আটক মোক্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
