ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান গভর্নরের

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:৫৭
সাভারের ৯ তলা ভবন ধসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিল্পপতি ও ধনাঢ্য ব্যবসায়ীদের সিএসআর (কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রমের আওতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। একই সঙ্গে তিনি এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়ার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। এদিকে দুর্ঘটনাস্থলে আহতদের সর্বাত্মক জরুরি চিকিত্সাসেবা দিতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বলে জানানো হয়। এছাড়া গভর্নরের আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি), এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশসহ (এবিবি) সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই মেডিক্যাল টিমকে সহায়তা প্রদান করছে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যে যেভাবে পারছে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে এগিয়ে এসেছে।