নবনির্বাচিত রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর চত্বরে পৌঁছলে স্মৃতি জাদুঘরের কিউরেটর মেজর জেনারেল (অব.) হাফিজ মল্লিক রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে রাষ্ট্রপতি সাভার জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ চত্বরে তিন বাহিনীর এক সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সেখানে দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান ও তার কার্যালয়ের সচিববৃন্দ। বর্ষীয়ান রাজনীতিক মো. আবদুল হামিদ গত বুধবার রাতে দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
আজ রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া যাচ্ছেন
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ এডভোকেট আজ শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এ দিন বিকালে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকার পর রাষ্ট্রপতি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। গোপালগঞ্জের জেলা প্রশাসক সূত্রে রাষ্ট্রপতির টুঙ্গিপাড়া সফরসূচির এ তথ্য জানা গেছে।
