বস্তিবাসীদের উন্নয়নে বাজেটে বরাদ্দের দাবি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:৩৫
দরিদ্র বস্তিবাসীদের জীবনযাত্রার উন্নয়নে জাতীয় বাজেটে বরাদ্দের দাবি জানিয়েছে বেশকটি মানবাধিকার সংগঠন। গতকাল রাজধানীর বস্তিবাসীদের নিয়ে আয়োজিত গণসমাবেশে বস্তিবাসীর বাসস্থান, নিরাপদ পানির ব্যবস্থা, পয়ঃনিষ্কাশনসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারকে বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়। বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে নিঃস্ব, ভাগ্য বিড়ম্বিত, জলবায়ু উদ্বাস্তু প্রায় পাঁচ কোটি মানুষ নগরে বাস করে। এরা প্রত্যেকেই দেশের উন্নয়নে, নগরীর দৈনন্দিন কর্ম চাহিদা মেটায়। তাই এদের দায়িত্ব সরকার অস্বীকার করতে পারে না। শুক্রবার বিকালে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আয়োজিত গণসমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক পানি সহযোগিতা বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে ইউনিসেফ ও ওয়াটার এইডের সহযোগিতায় নগর বস্তিবাসী উন্নয়ন সংস্থা, নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থা, বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটি, ভাষানটেক সিবিও এবং বস্তিবাসী ইউনিয়ন যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। এ গণসমাবেশে সম্মানিত অতিথি ছিলেন গণফোরাম সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। বক্তব্য রাখেন নগর বস্তিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি সেলিনা বেগম, নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি হামিদ ফকির, বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হোসনে আরা রাফেজা, ভাষানটেক সিবিও’র সভাপতি মো. নাগর মিয়া, বস্তিবাসী ইউনিয়নের সভাপতি মো. নূরুল ইসলাম প্রমুখ। অবিলম্বে বস্তি উচ্ছেদ বন্ধ করে নগরীর খাস জমি বস্তিবাসীদের জন্য বরাদ্দের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতীয় গৃহায়ন নীতিমালা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরের দরিদ্র ও বস্তিবাসীদের জন্য নিরাপদ পানীয়জল, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে বস্তিবাসীর আবাসন নিশ্চিত করতেও অধিগ্রহণকৃত জমি বরাদ্দের দাবি জানান বক্তারা। এ সমাবেশ থেকে পাঁচ দফা সুপারিশ উত্থাপন করে তা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।