স্বাধীন বাংলাদেশের পতাকার কারিগর ইয়াছিন ঢালীর মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:৪২
নাগেশ্বরীতে স্বাধীন বাংলাদেশের পতাকার কারিগর ইয়াছিন আলী ঢালী চলে গেলেন না ফেরার দেশে। অভাব আর দারিদ্র্যতার সঙ্গে পাঞ্জা লড়ে কাটে তার সারাজীবন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় নাগেশ্বরীতে তিনিই প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা তৈরি করে গোপনে পাকবাহিনীর নজর এড়িয়ে মুক্তিকামী জনগণ, মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের সরবরাহ করেছেন। দেশ স্বাধীন হলে এ কাজকে তিনি পেশা হিসেবে বেছে নেন। পরিচিতি পান পতাকার কারিগর হিসেবে। মৃত্যুর আগে পর্যন্ত তিনি বাংলাদেশের জাতীয় পতাকা ও বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা তৈরি করেন। অভাব ও দারিদ্র্যতায় নিজের চিকিত্সা ঠিকমত করাতে না পারায় ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ তাকে হার মানায়। রোগে অবনত শরীর তাকে ঘরমুখো করে। দীর্ঘদিন রোগে ভুগে অবশেষে ২৫ এপ্রিল রাতে মনিরচর গ্রামে নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। ২৬ এপ্রিল সকাল ১০টায় কাছারী মাঠে নামাজের জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। তার মৃত্যুতে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ উদ্যোগ শেকড়, সাংস্কৃতিক সংগঠন প্রতীক, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।