গত বৃহস্পতিবার রাতে যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় আহাদ সিমেন্ট মিলে ডাকাতির চেষ্টাকালে পুলিশের গুলিতে এক ডাকাত আহত হয়েছে। গুলিবিদ্ধ ডাকাত শামীম হোসেনকে (৩০) পুলিশ আটক করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ও দেয়াড়া গ্রামের ১১ জনের একটি ডাকাত দল ইঞ্জিনচালিত নৌকায় করে নওয়াপাড়ার অদূরে রাজঘাট এলাকায় আহাদ সিমেন্ট মিলে এসে ডাকাতির চেষ্টা চালায়। খবর পেয়ে অভয়নগর উপজেলার গাজীপুর ক্যাম্প পুলিশ আহাদ সিমেন্ট মিলে প্রবেশ করলে ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পর পর দু’টি বোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ ডাকাতদের লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় ডাকাত শামীম হোসেন (৩০) গুলিবিদ্ধ হয়। আহত শামীম খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের হাতেম আলীর পুত্র। পুলিশ শামীমকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এবং ঘটনাস্থল থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করেছে। পুলিশ দাবি করছে আরও ৩/৪জন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে।
