আজ শনিবার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালি জাতীয়তাবাদের মহান নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫১ তম মৃত্যুবার্ষিকী। ১৯৬৩ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ্যাডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন। এছাড়া দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। শেরে বাংলা এ কে ফজলুলহকের মৃত্যুবার্ষিকীতে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহীদুল ইসলাম । গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় শেরে বাংলার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন । জেপি নেতৃদ্বয় বলেন, মরহুম শেরে বাংলা এ কে ফজলুল হক এ দেশের রাজনীতির কিংবদন্তী পুরুষ। এ দেশের কৃষককুলকে মহাজনী ও জমিদারী শোষণ থেকে রক্ষা করার জন্য আজীবন রাজনীতি করেছেন। এ দেশের শিক্ষা বিস্তারের আন্দোলনে মরহুম নেতার অবদান জাতি স্বকৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। বিবৃতিতে জেপি নেতৃদ্বয় মরহুম শেরে বাংলা এ কে ফজলুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং সকলকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। জাতীয় এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি-জেপি’র পক্ষ হতে আজ সকাল ৮টায় মরহুমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
দিবসটি উপলক্ষে মরহুমের নাতি এ কে ফাইয়াজুল হক রাজু জানিয়েছেন, এ কে ফজলুল হকের ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ মাগরিব কে এম দাস লেন, টিকাটুলী জামে মসজিদ এবং শেরে বাংলার স্মৃতি বিজড়িত বাড়ি বরিশালের চাখারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৭টায় আওয়ামী লীগের পক্ষ থেকে শেরে বাংলা একে ফজলুল হকের মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া আজ সকালে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হবে । এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ সাংস্কৃতিক আন্দোলন,ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ছাত্র পরিষদ সকালে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। সকালে শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদের পক্ষ থেকে মরহুমের মাজারে যুদ্ধাপরাধীদের বিচার ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শেরে বাংলার অবদান শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
