গাজীপুরে এবি ব্যাংকের এটিএম বুথে আগুন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:৩৬
সাভারের ভবন ধসের ঘটনায় দায়ীদের বিচার ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা গতকাল কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে ব্যাপক বিক্ষোভ, নির্বিচারে ভাঙচুর ও সড়ক অবরোধ করে। এসময় উত্তেজিত শ্রমিকরা এবি ব্যাংকের একটি এটিএম বুথে আগুন ধরিয়ে দেয়। চান্দনা চৌরাস্তা এলাকায় লাঠিসোঁটা হাতে নিয়ে তারা সড়ক মহাসড়কে মহড়া দিতে থাকেন। এসময় গোটা এলাকায় আতংকের সৃষ্টি হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২০-২৫ রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কমপক্ষে ২০ শ্রমিক আহত হয়েছেন। গাজীপুর প্রতিনিধি জানান, সকাল সাড়ে নয়টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা চান্দনা চৌরাস্তার ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হোসেন সরকারের মালিকানাধীন এম এইচ টাওয়ারে এবং পাশে থাকা একটি মোটর সাইকেল ও পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এসময় আগুনে চারতলা টাওয়ার ভবনের নিচ তলায় থাকা এবি ব্যাংকের একটি এটিএম বুথ ও সাতটি আসবাবপত্রের দোকান পুড়ে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে দোতলা ও তৃতীয় তলায় থাকা এভেলিন এপারেলস কারখানায়। খবর পেয়ে পুলিশ প্রহরায় ফায়ার সার্ভিস আসলে শ্রমিকদের বাধার কারণে ফিরে যেতে বাধ্য হয়।