স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক হয়নি :নাসিম

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:৩৭
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সাভারের ভবন ধসে প্রাণহানির ঘটনা কোন দুর্ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আর এ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, সাভার ট্র্যাজেডি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর যে মন্তব্য করেছেন তা সঠিক হয়নি। দায়িত্বশীল পদে থেকে এসব কথা বলে সরকারকে বেকায়দায় না ফেলে আসল ঘটনা অনুসন্ধান করার জন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। গতকাল শুক্রবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘বঙ্গমাতা পরিষদ’ ঢাকা মহানগর শাখা আয়োজিত ‘ধ্বংসাত্মক রাজনীতি পরিহার’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত হরতাল সমর্থকরা রানা প্লাজার ভাঙা অংশ ও গেট ধরে নাড়াচাড়া করায় এ ভবন ধসে পড়েছে—সম্প্রতি বিবিসির সঙ্গে আলাপকালে এমন বিতর্কিত উক্তি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার সংসদে বলেছেন, সাভারের ঘটনার সাথে যারা জড়িত তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই। তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই ভবনের মালিককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। যে ইউএনও ওই ভবন ব্যবহারের নির্দেশ দিয়েছেন তাকে অপসারণ করতে হবে। এখনো কেন সেই ইউএনও’র চাকরি থাকে—এমন প্রশ্ন করে তিনি বলেন, ওই ঘটনায় জড়িত সবাইকে আইনের হাতে সোপর্দ করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের গার্মেন্টস সেক্টরে বার বার দুর্ঘটনা ঘটবে, আর দোষীরা পার পেয়ে যাবে তা হতে দেয়া যায় না। এতে বিদেশে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার থেকে বিভিন্ন গার্মেন্টসে ভাঙচুরের ঘটনা দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, উদ্ধার কাজে সরকারের আন্তরিকতার কোন ঘাটতি নেই। সংগঠনের উপদেষ্টা মো. আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন নারী সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, সংগঠনের নেতা এম. আনিসুর রহমান, শফিউদ্দিন, নারীনেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা, শাহনাজ পারভীন রানী প্রমুখ।