সাভারে ভবন ধসে বহু প্রাণহানির প্রতিবাদে আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিকদের দশটি সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দ সারাদেশে শান্তিপূর্ণ ধর্মঘট পালন করার জন্য গার্মেন্টস শিল্প শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
গতকাল শুক্রবার পল্টনের মুক্তিভবনে প্রগতি সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শ্রমিক নেতারা এ ধর্মঘটের ঘোষণা দেন। সাংবাদিক সম্মেলন শেষে মিছিল করে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশে যোগ দেয়। এই সমাবেশ থেকে সাত দফা দাবিতে নেতৃবৃন্দ ধর্মঘটের ডাক দেয়।
সমাবেশে বক্তারা বলেন, সাভারে শ্রমিক হত্যার জন্য দায়ী রানা প্লাজার মালিক এবং ওই ভবনে অবস্থিত মালিকদের অবিলম্বে গ্রেফতার করে বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবন অনুমোদনকারী রাজউক কর্মকর্তা, পৌরসভা কর্মকর্তা, কারখানা পরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচার ও শাস্তি দিতে হবে। তাজরিনের মালিককেও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নিহত আহত শ্রমিকদের প্রকৃত তালিকা প্রকাশ করতে হবে। নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে একজীবনের মজুরির সম-পরিমাণ অর্থ ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের সুচিকিত্সা ও উপযুক্ত ক্ষতিপূরণ, পঙ্গুত্বের শিকার শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নেতারা আরো বলেন, ঝুঁকিপূর্ণ সকল গার্মেন্টস কারখানা চিহ্নিত হরে তা বন্ধ ঘোষণা, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করে মজুরি বোর্ড গঠনের মাধ্যমে তা বাস্তবায়ন, শতকরা ৫০ ভাগ অগ্রিম মহার্ঘ ভাতা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং ইপিজেডসহ সকল গার্মেন্টসে ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোশরেফা মিশু, অ্যাডভোকেট মন্টু ঘোষ, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, তাসলিমা আক্তার, রুহুল আমীন, বজলুর রশিদ ফিরোজ, সাদেকুর রহমান শামীম প্রমুখ।
