অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালি জাতীয়তাবাদের মহান নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আয়োজন করে আলোচনা সভার। এসব সভায় বক্তারা বলেছেন, শেরে বাংলার রাজনীতির মূল লক্ষ্য ছিলো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার রূপরেখা সৃষ্টি করে গেছেন তিনি। তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদের অগ্রনায়ক।
শেরে বাংলার মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি-জেপি’র পক্ষ হতে সকাল ৮টায় মরহুমের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় জেপি’র অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, ভাইস চেয়ারম্যান শেখ মো. জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব আলহাজ্ব জামিলুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, দপ্তর সম্পাদক এম. সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
এদিকে শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ, বিশ্ব বাঙালি সম্মেলন ও জাতীয় গণতান্ত্রিক লীগের যৌথ উদ্যোগে গতকাল সকাল ৮ টায় মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর তার কর্মময় জীবন নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। মাজার প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আ.স.ম ফিরোজ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, সাবেক সচিব মার্গুব মোর্শেদ, সাবেক সচিব সিরাজউদ্দিন আহমেদ, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, এমএ করিম, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল প্রমুখ। সভায় প্রস্তাবিত পদ্মা সেতুর নাম শেরে বাংলার নামে রাখার দাবি জানানো হয়।
এদিকে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি এডভোকেট নুরুল হক মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহাসচিব আলমগীর মজুমদার, অতিরিক্ত মহাসচিব হাসান সালাম সেলিম, মো. আনোয়ার হোসেন আবুড়ী, খন্দকার জিল্লুর রহমান প্রমুখ।
নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এনডিবির আহবায়ক মোমিন মেহেদি, ফিরোজ আলম, লিন্ডা আমিন প্রমুখ।
কৃষক শ্রমিক পার্টির (কেএসপি) সভাপতি এমএ লতিফ মজুমদারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মো. হানিফ প্রমুখ।
