‘জীবিত মানুষকে উদ্ধারের চেয়ে বড় অভিযান নেই’ বলে মন্তব্য করলেন আইএসপিআর-এর পরিচালক শাহিনুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে আইএসপিআর এর পরিচালক শাহিনুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, সেনা-বাহিনীর নবম পদাতিক ডিভিশনের নেতৃত্বে প্রশিক্ষিত ও দক্ষ ইঞ্জিনিয়ার কোর ও কমান্ড বাহিনী, রেড ক্রিসেন্ট ও দমকল বাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী দলের সহায়তায় উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যে আটকেপড়া অনেক লোককে উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা মনে করি প্রতিটি জীবন অমূল্য সম্পদ। একজন জীবিত মানুষকে উদ্ধারের চেয়ে বড় অভিযান নেই।
শাহিনুল ইসলাম আরো বলেন, শনিবার পর্যন্ত চার দিন ধরে চলা উদ্ধার অভিযানে ২ হাজার ৮৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জীবিত উদ্ধার করা হয়েছে ২ হাজার ৫০৭ জনকে। এর মধ্যে ৩১৯ জনের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য লাশগুলো হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। তাছাড়া শনিবার দুপুরে ধ্বংস স্তূপের নিচ থেকে আরো ১৯ জনকে উদ্ধার করে সাভার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে এ পর্যন্ত হাজার খানেক আহত লোককে চিকিত্সা সেবা দেয়া হয়েছে বলে জানা যায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইএসপিআর-এর পরিচালক বলেন, এখানে কোনো সমন্বয়হীনতা নেই।
অভিযান কবে নাগাদ শেষ করা হবে এ সম্পর্কে শাহিনুল বলেন, শেষ সময় বলতে কিছু নেই। যতক্ষণ পর্যন্ত একটি জীবিত মানুষ এবং লাশের খোঁজ পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।
