২ মে সারাদেশে সিপিবি-বাসদের সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০২
সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ আগামী বৃহস্পতিবার ২ মে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে। সিপিবি কার্যালয়ে গতকাল শনিবার দুটি দলের যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়, সাভারে ভবন ধসের ঘটনায় যারা দায়ী তাদেরকে গ্রেফতার ও বিচারের দাবিতে এ হরতাল পালন করা হবে। দুটি দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়—সিপিবি-বাসদ মনে করে, অতীতে এ ধরনের ঘটনার পরও জড়িতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি তেমন গুরুত্ব পায়নি। তাছাড়া সঠিকভাবে ভবন নির্মাণ না করার সাথে জড়িতরাও অতীতে পার পেয়ে গেছে। এবার যাতে জড়িতরা সাজা পায় সে জন্যই হরতাল পালন করতে সংবাদ সম্মেলনে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ও বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।