আগামী ৩০ এপ্রিল মঙ্গলবার কুমিল্লার দুই উপজেলায় আধাবেলা হরতাল ডেকেছে ‘দাবি আদায়ের সংগঠন ঐক্য সংহতি পরিষদ’ নেতৃবৃন্দ। ৩ দফা দাবিতে তারা ২৯ এপ্রিল নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন এবং পরদিন জেলার সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা এলাকায় এ হরতাল আহবান করে। এসব দাবির মধ্যে রয়েছে-সদর দক্ষিণ উপজেলাভিত্তিক কুমিল্লা-৮ (সাবেক কুমিল্লা-৯) ও নাঙ্গলকোট উপজেলাভিত্তিক কুমিল্লা-১০ সংসদীয় আসন এলাকা বহাল রাখাসহ এক্ষেত্রে ভৌগোলিক সীমানা ও ভোটার সংখ্যার সামঞ্জস্যতা রক্ষা করা এবং এ দাবিতে আন্দোলনরত নেতা হাফেজ বিল্লালের নিঃশর্ত মুক্তিসহ সকল নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা।
বিলুপ্ত কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ ীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী ও ঐক্য সংহতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুজ্জামান শনিবার বলেন, সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত সাবেক কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবিতে দীর্ঘ আন্দোলনের পর বর্তমান নির্বাচন কমিশন সদর দক্ষিণকে অখণ্ডিত রেখে কুমিল্লা-৮ নির্বাচনী এলাকা ও নাঙ্গলকোট উপজেলা নিয়ে কুমিল্লা-১০ পৃথক নির্বাচনী এলাকা ঘোষণা করে। কমিশনের ওই ঘোষণার পর জনগণের সাথে সম্পর্কহীন সরকারি ও বিরোধীদলীয় কয়েকজন মতলববাজ নেতা আবারো সদর দক্ষিণ উপজেলাকে বিভক্ত করার প্রস্তাব দিয়েছেন।
