ফাটলের পর রাজশাহীর আরডিএ মার্কেট বন্ধ

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০৪
রাজশাহীর সবচেয়ে বড় শপিং সেন্টার আরডিএ মার্কেটের তৃতীয় তলায় দেয়াল ও আরসিসি পিলারে ফাটল দেখা দেয়ার পর মার্কেটটি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি মার্কেটটির বর্তমান অবস্থা খতিয়ে দেখবে। জানা গেছে, শুক্রবার দুপুরে মার্কেটের উত্তর-পূর্ব দিকের দেয়াল ও পিলারে ফাটল দেখে আতঙ্কিত ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ শুরু করে। তারা মার্কেট নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানান। খবর পেয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি পরিদর্শন শেষে মার্কেটটি এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দেন। এ বিষয়ে আয়োজিত এক সভায় প্রকৌশলীরা জানান, রাজশাহী শহরের মাটির অবস্থার কারণে পাইলিং ব্যতিত কোন ভবন চতুর্থ তলার ঊর্ধ্বে নির্মাণ করা সমীচীন নয়। যে সকল ভবন আবাসিক হিসাবে নির্মাণের পর বাণিজ্যিকভাবে বিশেষ করে মার্কেট, ক্লিনিক হিসাবে ব্যবহূত হচ্ছে; জননিরাপত্তার স্বার্থে সেগুলোরও মান পরীক্ষা করা প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আরডিএ মার্কেট প্রথমে তিনতলা পর্যন্ত নির্মিত হয়। তৃতীয় তলার ব্যবসায়ী জানান, একটু বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে। পলিথিন দিয়ে মালামাল ঢেকে রাখতে হয়। এসব অনিয়মের অভিযোগ সত্ত্বেও কিছুদিন আগে মার্কেটটির চতুর্থ তলার নির্মাণ কাজ শুরু হয়। ফাটল ও আতঙ্ক ছড়ানোর পর রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, চতুর্থ তলায় এখনো নির্মাণ কাজ চলছে। কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় নির্মাণ কাজ বন্ধ রাখা জরুরি। প্রসঙ্গত, রাজশাহীর সবচেয়ে বড় এই মার্কেটে প্রায় আড়াই হাজার দোকান রয়েছে।