‘লস অফ ফিউচার আর্নিং’-এর ভিত্তিতে ক্ষতিপূরণ দাবি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২৩:০৬
সাভারে রানা প্লাজা ধসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহত ও আহত শ্রমিকদের ‘লস অব ফিউচার আর্নিং’ নীতিমালার ভিত্তিতে যথাযথ ক্ষতিপূরণ প্রদানসহ ৬ দফা দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক রক্ষা আন্দোলন। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে নিহতদের স্মরণে সংগঠন আয়োজিত শোক সমাবেশ নেতৃবৃন্দ এ দাবি জানান। দাবি না মানা পর্যন্ত তারা রাজপথে থাকার অঙ্গীকার করেন। শোক সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক জেড এ কামরুল আলম। ছয় দফার অন্যগুলো হলো: প্রকৃত নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা স্বল্পতম সময়ের মধ্যে প্রকাশ, দোষী গার্মেন্টস মালিকদের লাইসেন্স বাতিল ও তাদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা করে শ্রমিক হত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি প্রদান এবং বেআইনিভাবে রানা প্লাজা নির্মাণের অনুমোদন দেয়ায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের শাস্তি নিশ্চিত করা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকদের বাঁচার মতো মজুরি, কার্যকর ট্রেড ইউনিয়ন করার অধিকার ও পেশাগত নিরাপত্তার ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। সমাবেশ শেষে সংগঠনের উদ্যোগে একটি শোক শোভাযাত্রা তোপখানা রোড প্রদক্ষিণ করে।