‘জুয়ায় হেরে’ চলন্ত ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে এক কাঠ মিস্ত্রি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে বগুড়ার কাহালু উপজেলার বাখরা-বেলঘরিয়া রেলগেটে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সোহেল মিয়া (৩৫)। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ঘোলাগাড়ি মসজিদ পাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।
জানা যায়, দরিদ্র সোহেল তার গ্রামের পাশে লেংড়াবাজার নামক স্থানে একটি ফার্নিচারের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে কাহালু উপজেলার উল্লেখিত স্থানে এসে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী উত্তরবঙ্গগামী মেইল ট্রেনের নীচে ঝাঁপ দেন।
আরও পড়ুন: ভারতীয় মন্ত্রীকে খুন করতে বাংলাদেশি কিলার ভাড়া!
ঘটনার পরপরই বগুড়া রেলওয়ে থানার কর্মকর্তা কায়কোবাদ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।
সোহেলের এক প্রতিবেশী জানান, সোহেলের আইপিএল জুয়ার প্রতি প্রচণ্ড নেশা ছিল। সম্প্রতি তিনি জুয়ার খপ্পরে পড়ে সর্বস্বান্ত হন। এতে আত্মহত্যার পথ বেছে নেন। এ ব্যাপারে বগুড়া রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
