সাভারে ভবন ধসের ঘটনায় জার্মান প্রেসিডেন্টের শোক

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২১:৫৭
জার্মানির প্রেসিডেন্ট ইয়োনিম গাউক সাভার ভবন ধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রবিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘সাভারে কারখানা ও দোকান ধসে বহু লোকের প্রাণহানিতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’ বার্তায় জার্মান প্রেসিডেন্ট তার নিজের ও জার্মানির জনগণের পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণের কাছে শোক প্রকাশ করেন। তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। উদ্ধারকারী দলের তত্পরতায় সন্তোষ প্রকাশ করে ইয়োনিম গাউক বলেন, ‘এই কঠিন দুঃসময়ে আপনাদের প্রতি আমাদের পূর্ণ সহমর্মিতা রয়েছে। এদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডু ভেস্টার ভেলে সাভার ভবন ধসে হতাহতের ঘটনায় শোক জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনির কাছে একটি বার্তা পাঠিয়েছেন।