আল্লাহর গজব থেকে বাঁচতে নবী-রাসুলের পথ অনুসরণ করুন

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২২:১৫
রাজধানীর মোহাম্মদপুরস্থ জৈনপুরী দরবার শরীফের পীর সাহেব কেবলা হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, সারাদেশ আজ পাপে ভরে গেছে। অত্যাচার, অনাচার, ব্যাভিচার ও মিথ্যাচারে সমাজ জর্জরিত। আল্লাহর গজবের ভয়ও কেউ করছে না। তিনি আল্লাহর গজব থেকে মুক্তি পেতে সকলকে তওবা করে নবী-রাসুল ও পীর ওলীদের পথ অনুসরণের আহবান জানান। সম্প্রতি গাজীপুর জেলা সদরের নোয়াগাঁওতে অনুষ্ঠিত এক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় জৈনপুরী পীর সাহেব কেবলা এসব কথা বলেন। পীরসাহেব সাভারের রানা প্লাজা ধসে নিহতদের সঠিক হিসাব নির্ণয় করে তাদের পরিবারসমূহকে যথাযথ সাহায্য প্রদানের জন্য সরকারের নিকট অনুরোধ জানান। ভবন ধসে আহতদের সেবায় এগিয়ে আসার জন্যও তিনি দলমত নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান। তিনি ঐ ভবনের মালিক এবং যারা শ্রমিকদের ঐ ত্রুটিপূর্ণ ভবনে কাজ করতে বাধ্য করে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আর যাতে এমন হূদয়বিদারক ঘটনা না ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। মাহফিলে আরো বক্তব্য রাখেন শিশু বক্তা পীরজাদা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী। নোয়াগাঁও ঈদগাহ ও মাদ্রাসা কমিটি আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাস্টার আলহাজ্ব ফয়েজউদ্দীন।- প্রেস বিজ্ঞপ্তি