প্রধানমন্ত্রী এখনো কেন সাভার যাননি :মওদুদ

আপডেট : ২৮ এপ্রিল ২০১৩, ২৩:০৫
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, ধর্মবিদ্বেষী ব্লগার রাজীব নিহত হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তার বাড়িতে গেলেন। কিন্তু সাভারে ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা এখনো কেন দেখতে যাননি? তিনি বলেন, ক্ষমতায় গেলে ওই ঘটনায় নিহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে বিএনপি। একই সঙ্গে তিনি এই ঘটনায় আহতদের সম্পূর্ণ ব্যয়ভার সরকারকে বহনের দাবি জানান। সাভারের নিহতদের ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ডাকা শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শোকসভায় ব্যারিস্টার মওদুদ বলেন, সাভারে যা হয়েছে, সেটা কোন দুর্ঘটনা নয়। এটি একটি হত্যাকাণ্ড। জোর করে গার্মেন্টস কর্মীদেরকে সেখানে নিয়ে আসা হয়েছিল। একটি মিছিলে থাকার অপরাধে আমাদেরকে জেলে যেতে হয়েছে, আর রানা প্লাজার বিষয়ে সরকার বলছে তদন্ত চলছে। কোন তদন্তের জন্য অপেক্ষার প্রয়োজন নেই, জড়িত সকলকে গ্রেফতার করতে হবে। ব্যারিস্টার মওদুদ বলেন, বিচার বিভাগ পৃথক হলেও স্বাধীন হয়নি। নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটরা স্বাধীনভাবে বিচার করতে পারছেন না।