নওগাঁ-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মালেককে একমাত্র বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়। মনোনয়নপত্র জমা দেয়া ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রবিবার বিকাল ৫ টায় জেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা যায়।
উপনির্বাচনের জন্য ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও গত ২৫ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তফসিল অনুযায়ী বাছাইয়ের সময় স্বতন্ত্র চার প্রার্থীর মনোনয়নপত্র যথাযথ ভাবে পূরণ না করায় এবং জাতীয় পর্টির প্রার্থীর দলীয় মনোনয়ন যথাযথ না হওয়ায় সেগুলো বাতিল হয়ে যায়।
সহকারী রিটার্নিং অফিসার মোঃ হুমায়ন কবির জানান, নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হতে গেলে নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। বাতিল হওয়া মনোনয়ন পত্রগুলোর সঙ্গে জমা দেয়া স্বাক্ষরগুলোতে ভোটার নম্বর বা টিপ সহির মতো বিষয়ে প্রক্রিয়াগত ভুল ছিল তাই বাতিল হয়েছে। জাতীয় পার্টির প্রার্থীর দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টিও যথাযথ ছিল না।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির কেন্দ ীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল বারী, ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নওগাঁ জেলা কমিটির সাবেক সভাপতি ও নওগাঁ পৌর কাউন্সিলর মোঃ ফারুকুজ্জামান ফারুক।
