রূপকড়চা

কাজের ফাঁকে সাজ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৩, ১৮:৩২
কর্মজীবী মহিলারা বরাবরই একটু বেশি রূপ সচেতন হয়ে থাকেন কেননা তাদের বাহিরে নিয়মিতই চলতে হয়। কিন্তু অফিসে এত কাজের মাঝে নিজেকে একটু আয়নায় দেখার সময়টা খুব বেশি হয়ে উঠে না। অনেক সময়ই দরকার পরে তাত্ক্ষণিক একটু গোছানো মেকআপ। এ নিয়ে আমাদের এবারের আয়োজন। সাদিয়ার প্রায় সময়েই মনে হয় একটু রূপচর্চা করলে মন্দ হয় না। কিন্তু ব্যস্ততার কারণে হয়ে আর ওঠে না। সময় কোথায়? কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় শত ব্যস্ততার মাঝেও কিন্তু অবসর মেলে। আর সে সময়টায় সেরে নেওয়া যায় চটজলদি রূপচর্চা। এ কথা সত্যি সকাল ৮টা সাড়ে ৮টায় বের হওয়ার সময় নিজের বেজ মেকআপটাও ঠিকমতো করে আসা যায় না। সেখানে অফিসে বসে রূপ সচেতনতার সময় কোথায়। আবার ট্রাফিক জ্যাম ঠেলে বাড়ি ফিরতে ফিরতে রাত অর্ধেক নেমে যায়। নেমে আসে ক্লান্তি-অবসাদ। তখন আর কারও ইচ্ছে করে না রূপচর্চা নিয়ে মাথা ঘামাতে। বিউটি এক্সপার্টদের মতে দিনের বড় একটা সময় যেহেতু অফিসেই কেটে যায় সে কারণে অফিসে বসেই সেরে নেওয়া উচিত ত্বক ও রূপের যত্ন। এ কথাও সত্যি যে চাইলে অফিসে বসেই এক খণ্ড অবসর বের করে নেওয়া সম্ভব। পুরোটাই নির্ভর করছে নিজের মাইন্ড সেটআপের উপর। একবার মাইন্ড সেটআপ করে নিলে দেখা যাবে ব্যাপারটা রুটিন ওয়ার্কের মতো হয়ে গেছে। আর রূপচর্চার ব্যাপারটা যে খুব কঠিন বা সময় সাপেক্ষ তা কিন্তু নয়। খুব অল্প সময়ে নিজেকে রিফ্রেশ করে নেওয়া সম্ভব। তেমনি বেশ কয়েকটি সহজ টিপস্ দেওয়া হলো—  সকালে বাসা থেকে বের হওয়ার সময় বেসিক একটা মেকআপ সবাই করে থাকে। সেই বেজ মেকআপ ঠিক রাখতে হলে বারবার মুখে হাত দেয়া যাবে না।  ঠিক তেমনি ভাবে বারবার চুলে হাত দেওয়া উচিত নয়। এতে করে চুলের বাউন্সি ভাব নষ্ট হয়ে যায়।  দিনের বেশির ভাগ সময় যেহেতু এসির মধ্যে কাজ করতে হয় সেহেতু তৈলাক্ত ত্বক আরও বেশি তৈলাক্ত হয়ে পড়ে। এ কারণে হাতের কাছে সব সময় টিস্যু রাখতে হবে। তবে ওয়েট টিস্যু কখনই নয়।  আবার অন্যদিকে শুষ্ক ত্বক আরও বেশি ড্রাই বা শুষ্ক হয়ে যায়। তাই মাঝেমধ্যেই টোনার স্প্রে করা উচিত।  কাজের ফাঁকে মাঝেমধ্যেই ঠোঁটে মশ্চারাইজ গ্লস ব্যবহার করা উচিত। এতে ঠোঁট ফাটবে না।  দুপুর বেলা কিংবা বাইরেও থেকে আসার পর ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে। এরপর মশ্চারাইজিং ক্রিম এবং সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ইনহাউসে সানস্ক্রিনের প্রয়োজন রয়েছে।  হাত ধোয়ার পর হ্যান্ড লোশন লাগিয়ে নিতে হবে। তা না হলে ত্বক রুক্ষ হয়ে যাবে।  অফিসে থাকা অবস্থায় দেড় থেকে দু লিটার পানি পান করা উচিত। এতে করে স্কিন ভালো থাকবে।  কাজগুলো হাঁটতে চলতেই করা যায়। খুব বেশি টেনস নেওয়ার প্রয়োজন নেই। সারাদিন সতেজ থাকাই কাম্য। মডেল বৃষ্টি ছবি আশীষ সেনগুপ্ত