দেশের বিভিন্ন স্থানে স্কুল, হাসপাতাল ও গার্মেন্ট কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে। এ ভবনগুলো ঝুঁকিপূর্ণ বলে সেখানে আতঙ্ক বিরাজ করছে। রিপোর্ট ইত্তেফাক সংবাদদাতাদের।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উপজেলার ভুলতা আউখাবো এলাকায় অবস্থিত বেনেটেক্স গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানার ৭ম তলা ভবনের দোতলায় গতকাল সোমবার একাধিক-স্থানে ফাটল দেখা দেয়। এতে কারখানা ছেড়ে আতঙ্কে শ্রমিকরা ভবনের সামনের মাঠে অবস্থান নেয়। পরে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম শরিফুল আলম, ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ওসি মঈনুর রহমান ঘটনাস্থলে গিয়ে ফাটল দেখে কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেন। বুয়েটের প্রকৌশলীদের ভবনটি পরিদর্শন করে ভবনটি বিপদজ্জনক কিনা তা নির্ধারণ করবে সংশ্লিষ্টরা। তাদের প্রতিবেদন না দেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার জন্য মালিকপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। কারখানাটিতে প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করে।
রায়পুরা (নরসিংদী)
রায়পুরা উপজেলায় জরাজীর্ণসহ অন্তত ৩৭টি ঝুঁকিপুর্ণ স্কুল ভবনে প্রায় ১৫হাজার কোমলমতি শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চলছে। ফলে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশংকা করছে ছাত্র-ছাত্রীসহ শিক্ষক ও অভিভাবক মহল। উপজেলার শ্রীরামপুর পূর্ব পাড়া, হাসিমপুর, রহিমাবাদ খামার, সিরাজ নগর, বাঙ্গালী নগর, মির্জানগর, হোগলাকান্দি, আদিয়াবাদ বাখর নগর, আদিয়াবাদ, নিলক্ষা বীরগাওঁ কান্দাপাড়া, মহেষপুর, আলগী বাখর নগর, জয় নগর, রাম নগর, পলাশতলী ০১নং, শেরপুর, আশারামপুর, গৌবিন্দপুর, খাকচক, নূরপুর, রংপুর, সায়দাবাদ, কানাই নগর, পলাশতলী ০২নং, গজারিয়াকন্দি, পাড়াতলী, বাশঁগাড়ী চান্দেরকন্দী, সাপমারা রেজিঃ, মেথিকান্দা, বড়কান্দা, বাহেরচর, পাঠান নগর রেজিঃ, বীরগাওঁ ০১নং, ডৌকারচর ০২নং, লক্ষীপুর, রামনগদক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার অন্তত ৩৭টি বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ তালিকায় এসেছে।
মতলব উত্তর (চাঁদপুর)
চাঁদপুরের মতলব উপজেলার মুক্তিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধসে গিয়ে শিশু শ্রেনীর ৮ শিক্ষার্থী আহত হয়। ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে ঐ স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। খবর পেয়ে উপজেলা ও থানা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। গত রবিবার যথারীতি মুক্তিরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের ক্লাশ চলাকালীন সকাল ৯.৪৫ মিনিটের দিকে হঠাত্ করে শিশু শ্রেনীর ক্লাশরুমের ফ্লোরটি অনেকক্ষানি দেবে যায়। কোমলমতি শিক্ষার্থীদের আত্মচিত্কারে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা তাত্ক্ষানক এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় শিশু শ্রেনীর ৮ শিক্ষার্থী আহত হয়।
ফরিদগঞ্জ (চাঁদপুর)
ফরিদগঞ্জ পৌর এলাকার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে স্কুলের শিক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে । শনিবার দুপুরে শ্রেনী শিক্ষা চলাকালিন তারা দোতলা ভবনটির ৫ম শ্রেণী কক্ষের এক অংশে এবং অপর পাশের ছাদের পুর্ব পাশে হঠাত্ করেই ফাটল দেখা দেখতে পায় । এ সংবাদ স্কুল কর্তৃপক্ষ দ্রুত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানিয়ে দুপুর তিনটায় স্কুল ছুটি ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
সিদ্ধিরগঞ্জে আরেকটি গার্মেন্টস ভবনে ফাটল দেখা দিয়েছে। সোমবার সকালে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মালিকানাধীন সিদ্ধিরগঞ্জপুলস্থ মজিব মার্কেট ভবনে অবস্থিত গার্মেন্টস ফ্যাক্টরীতে শ্রমিকরা ফাটল দেখতে পেয়ে ফ্যাক্টরী থেকে শ্রমিকরা নিচে নেমে আসে। পরে পুলিশ এসে প্রকৌশলী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা পর্যন্ত গার্মেন্টসটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানায়, দেয়ালের বিভিন্ন স্থানে ছোট ছোট ফাটল দেখা দিয়েছে। তাই শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত ফ্যাক্টরীটি বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।
সাটুরিয়া (মানিকগঞ্জ)
সাটুরিয়ার নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের ভিতর চার স্থানে ফাটল দেখা দিয়েছে। ৫ কোটি ৪০ লাখ টাকা ব্যায়ে তিন তলা ভবনটি বিল্ডিং কোড মেনে করা হয়েছে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে নতুন ভবনে অসংখ্য ফাটল ধরায় সাটুরিয়ার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুদ্দিন আহম্মেদ একাধিক ফাটল ধরার কথা বলে চিঠি দিলেও ঠিকাদার প্রতিষ্ঠান আর আসেনি বলে জানান। আর ভবনের ফাটল অবস্থায় গত ২৫ মার্চ স্থানীয় এমপি আলহাজ্ব জাহিদ মালেক স্বপন নতুন ভবনের উদ্ভোধন করেন। মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ সিদ্বেশ্বর মজুনদার হাসপাতালের নতুন ভবন ফাটলের কথা স্বীকার করে বলেন, তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে ৫ কার্য দিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
