চট্টগ্রামে ট্যারিফ কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বিদ্যমান ট্যারিফ কাঠামোকে আরো বেশি দেশীয় শিল্পবান্ধব করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। গত শনিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও ট্যারিফ কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে ব্যবসায়ীরা এসব কথা বলেন। সেমিনারে বক্তারা আন্তঃরাষ্ট্রীয় ও আঞ্চলিক বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা দূরীকরণের উপায় উদ্ভাবন করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব বলে অভিমত ব্যক্ত করেন। তারা রফতানির পরিমাণ বাড়াতে ‘রফতানি পণ্য ঝুড়িতে’ নতুন নতুন পণ্য সংযোজন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং মার্কেট একুইজিশনের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের সাথে বিশ্বের ৫০টিরও বেশি দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে সেমিনারে তথ্য প্রকাশ করা হয়। এসকল চুক্তি সম্পাদন হলে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের বাণিজ্যে বিশাল পরিবর্তন সাধিত হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে প্রধান অতিথি ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. সাহাব উল্লাহ চট্টগ্রামে ট্যারিফ কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে বলে উল্লেখ করেন।
