নারায়ণগঞ্জে গার্মেন্টস সেক্টরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সোমবার থেকে জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বিজিবির টিম জেলার বিভিন্ন গার্মেন্টস সেক্টর অধ্যুষিত এলাকায় টহল দিচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, মেজর পাশার নেতৃত্বে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৫টি গাড়িতে করে এসব বিজিজি সদস্যরা আগামী কয়েকদিন জেলার গার্মেন্টস অধ্যুষিত এলাকাতে টহল দিবে। বিজিবি মূলত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।
ডিসি জানান, সাভারে রানা প্লাজা ধসের পর শনিবার ও রবিবার সারাদেশে তৈরি পোশাক ও নিট পোশাক কারখানা বন্ধ ছিল। সোমবার থেকে সেগুলো খোলা হয়েছে। এ সময়ে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই বিজিবি মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য যে, নারায়ণগঞ্জে প্রায় এক হাজারের মত ছোট-বড় তৈরি পোশাক ও নিট পোশাক কারখানা রয়েছে।
